দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের মূল অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফর পরিদর্শনকালে তিনি বলেন, “শুধু পোশাক বদলালে মানসিকতার পরিবর্তন হয় না। পুলিশি মানসিকতার সংস্কার এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার ইতিমধ্যে রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে। এই তালিকার ভিত্তিতে খুব শিগগিরই দেশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হবে। এ ছাড়া যারা অস্ত্রধারী, সন্ত্রাসী বা দাগি আসামি, তাদেরও আইনের আওতায় আনা হবে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার জনগণের পাশে, এবং পুলিশ বাহিনী আইন অনুসারে দায়িত্ব পালন করবে; ব্যক্তিকেন্দ্রিক কোনো ব্যবস্থা চলবে না।
মন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের কারণে অনেক মানুষ ভুক্তভোগী হয়েছেন। তাই বর্তমান প্রশাসন চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তা শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়বে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক পরিবর্তন আনা। পুলিশকে জনবান্ধন প্রণালীতে পরিণত করতে সরকার কাজ করছে। এছাড়া রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ব্যাটারি চালিত রিকশার কার্যকর নিয়ন্ত্রণ নেওয়া হবে।
তিনি জানান, হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলমান আছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে এবং জনগণের স্বার্থে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখবে।