বিতর্কিত মন্তব্যের অভিযোগে বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক বক্তব্যে তিনি নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ইহুদিদের নিয়ে একাধিক আপত্তিকর মন্তব্য করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এছাড়া তিনি দাবি করেন, এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং তারাই এ রোগ সৃষ্টি করেছে—এমন বক্তব্যও দেন, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
জানা গেছে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।
‘বিশ্বাসের উত্তরাধিকার’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় একাধিক বক্তৃতা অনুষ্ঠান নির্ধারিত ছিল।
এদিকে, অস্ট্রেলিয়ার এক সিনেটর জানিয়েছেন, আজহারীর সফর নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বিভিন্ন সংগঠন বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সতর্কও করেছিল।
ঘটনাটি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।