সিরাজগঞ্জে সংক্রামক রোগ হাম-এর প্রাদুর্ভাব বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩৯ জন শিশু হাম আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বর্তমানে ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আক্রান্তদের মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, উল্লাপাড়া, বেলকুচি ও চৌহালী হাসপাতালে একজন করে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চিকিৎসকরা জানান, আক্রান্ত শিশুদের অধিকাংশই হামের টিকা নেওয়ার আগেই সংক্রমিত হয়েছে। আবার কেউ কেউ টিকা নেওয়ার পরও পুরোপুরি সুরক্ষা পায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের মধ্যে প্রথমে জ্বর ও সর্দি-কাশির উপসর্গ দেখা দেয়। পরে শরীরে ফুসকুড়ি, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতাও যুক্ত হচ্ছে।
সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্তদের জন্য বিশেষ ইউনিট চালু করা হয়েছে।
এদিকে, শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।