ফ্যামিলি কার্ডের আদলে দেশের সকল কৃষকের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে স্মার্ট কৃষক কার্ড বিতরণের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী জানান, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের সেবা পাবেন এবং কৃষি উপকরণ সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।
তিনি বলেন, “স্মার্ট কৃষক কার্ড চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। আজ প্রধানমন্ত্রী বাস্তবায়নের লক্ষ্যে প্রথম বৈঠক করেছেন। আমাদের অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড দেওয়া। পাইলট প্রকল্পের মাধ্যমে এর কাজ শুরু হবে।”
বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
কৃষকরা কী সুবিধা পাবেন—এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা এই কার্ডের আওতায় থাকবে। কৃষকরা কৃষি জ্ঞান, সার, কীটনাশক ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণে সরকারি সহায়তা সরাসরি পাবেন। পাশাপাশি বাজার পরিস্থিতি, উৎপাদনের পূর্বাভাস ও আবহাওয়ার তথ্যও স্মার্ট পদ্ধতিতে তাদের হাতে পৌঁছে যাবে।
মন্ত্রী আরও বলেন, আধুনিক কৃষিযন্ত্র সহজলভ্য করা হবে। ডিজিটাল ও স্মার্ট পদ্ধতির মাধ্যমে কৃষক ও রাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে, যাতে কোনো মধ্যস্বত্বভোগী বা লিকেজ না থাকে।
তিনি জানান, দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প দিয়ে শুরু করে পরে সারা দেশে বাস্তবায়ন করা হবে। তবে সুনির্দিষ্ট সময়সীমা প্রস্তুতির অগ্রগতির ওপর নির্ভর করবে।
সুত্রঃ বাসস