যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনাকে কেন্দ্র করে চলমান টানাপোড়েনের মধ্যে রাশিয়ার কাছ থেকে সামরিক ও রাজনৈতিক সমর্থন চাইছে ইরান। এ লক্ষ্যে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-র।
জানা গেছে, মস্কোয় অনুষ্ঠেয় এই বৈঠকে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানাতে পারেন আরাঘচি। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়ার সহায়তা প্রত্যাশা করছে তেহরান।
তেহরান বিশ্ববিদ্যালয়-এর সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, ইরান-রাশিয়ার সামরিক সম্পর্ক দীর্ঘদিনের এবং বিস্তৃত। তার মতে, ইরানের বর্তমান আকাশ প্রতিরক্ষা সক্ষমতা কাঙ্ক্ষিত পর্যায়ে নেই, তাই রাশিয়ার সহায়তা গুরুত্বপূর্ণ হতে পারে।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় রাশিয়া-র রাজনৈতিক সমর্থনও ইরানের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইরানবিরোধী একটি প্রস্তাবে ভেটো দেওয়ার পর তেহরান নিশ্চিত হতে চাইছে যে মস্কো আন্তর্জাতিক অঙ্গনেও তাদের পাশে থাকবে।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট পুতিনও আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
উল্লেখ্য, কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় রাশিয়ার সমর্থন পেতে সোমবার ভোরে মস্কোয় পৌঁছান আরাঘচি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূতদের নির্ধারিত সফর বাতিল করায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।