ফাইনাল চলাকালেই মাঠ ছাড়লেন ক্রিকেটার, উড়াল দিলেন ইংল্যান্ডে

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ঘটেছে বিরল এক ঘটনা। ফাইনাল ম্যাচ চলাকালীনই মাঠ ছেড়ে ইংল্যান্ডগামী ফ্লাইট ধরতে চলে যান অলরাউন্ডার বেয়ার্স সোয়ানেপোয়েল, যা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

গত রোববার লায়ন্স ও টাইটান্সের মধ্যকার ওয়ানডে কাপের ফাইনালে লায়ন্সের হয়ে খেলছিলেন সোয়ানেপোয়েল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪৩তম ওভারের দিকে হঠাৎ করেই মাঠ ত্যাগ করেন তিনি। পরে জানা যায়, জোহানেসবার্গের ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন এই ক্রিকেটার।

ম্যাচে নিজের ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন সোয়ানেপোয়েল। তবে তার আকস্মিক প্রস্থানে চাপে পড়ে লায়ন্স। আম্পায়াররা বদলি ফিল্ডারের অনুমতি না দেওয়ায় এক পর্যায়ে একজন কম নিয়েই ফিল্ডিং করতে হয় দলটিকে।

শেষ পর্যন্ত ২৪৯ রানের লক্ষ্য তাড়া করে টাইটান্স ৩ উইকেটে জয় পায়, হাতে থাকে মাত্র ১ বল। সতীর্থরা শুরুতে ভেবেছিলেন, সোয়ানেপোয়েল চোট পেয়েছেন। পরে বিষয়টি নিয়ে আম্পায়ারদের সঙ্গে তাদের তর্কও হয়।

কোচিং স্টাফ জানতেন যে, তার ইংল্যান্ড যাওয়ার ফ্লাইট রয়েছে। তবে তারা ধারণা করেছিলেন, সন্ধ্যার দিকে মাঠ ছাড়বেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই চলে যান সোয়ানেপোয়েল।

জানা গেছে, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে উরস্টারশায়ারের হয়ে খেলতে যাওয়ার জন্যই হঠাৎ করে মাঠ ছাড়েন তিনি। তবে বিষয়টি আগে থেকে কাউকে স্পষ্টভাবে জানাননি।

এই ঘটনায় ক্ষুব্ধ লায়ন্স কর্তৃপক্ষ। দলের প্রধান নির্বাহী জোনো লিফ-রাইট জানিয়েছেন, সোয়ানেপোয়েলের আচরণ দলের সংস্কৃতির পরিপন্থী এবং এতে সমর্থকরাও হতাশ হয়েছেন। তার চুক্তি বাতিলের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে, পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা এডি খোজা জানিয়েছেন, নিয়ম ভঙ্গের অভিযোগে তদন্ত চলছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *