আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিরুদ্ধে প্রায় দুই যুগ আগে করা ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন দিন নির্ধারণ করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এ আদেশ দেন। এদিন চার্জ গঠনের শুনানিতে আসামিপক্ষ সময়ের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।
শুনানিতে তোফায়েল আহমেদের আইনজীবীরা দাবি করেন, তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। ফলে মামলার কার্যক্রমে অংশ নেওয়ার সক্ষমতা তার নেই। তবে আদালত সেই আবেদন গ্রহণ না করে বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলা দায়ের করে। এতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন ও স্থানান্তর করা হয়। এ ঘটনায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হলেও উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন বিচার কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার বিচার আবার শুরু হলো।