চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে-অফে বেনফিকার মাঠে অপ্রীতিকর ঘটনার জেরে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। উয়েফা জানায়, রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র-কে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগের ঘটনায় তদন্ত চলমান থাকায় দ্বিতীয় লেগে তাকে খেলানো যাবে না। আগামীকাল (বুধবার) সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে; প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছে মাদ্রিদ ক্লাব।
ম্যাচে একমাত্র গোলের পর কর্নার ফ্ল্যাগের সামনে উচ্ছ্বসিত উদযাপন করেন ভিনিসিয়ুস, যা স্বাগতিক সমর্থক ও বেনফিকার খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি করে। কিছুক্ষণ পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ আনেন। তার সতীর্থ কিলিয়ান এমবাপে জানান, প্রেস্তিয়ান্নি জার্সিতে মুখ ঢেকে ‘বানর’ শব্দটি উচ্চারণ করেছিলেন। অভিযোগের পর রেফারি প্রায় ১০ মিনিটের জন্য খেলা বন্ধ রাখেন।
তবে প্রেস্তিয়ান্নি উয়েফাকে জানিয়েছেন, তিনি বর্ণবাদী কোনো মন্তব্য করেননি; বরং ‘সমকামীবিরোধী’ একটি শব্দ ব্যবহার করেছেন বলে দাবি করেন। তদন্ত শেষে বর্ণবাদ প্রমাণিত হলে উয়েফার শৃঙ্খলা বিধি অনুযায়ী ১০ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা হতে পারে বলে জানা গেছে।