গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই: ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ বলেছেন, গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এর ভিত্তি গড়ে ওঠে তৃণমূল বা মহল্লা পর্যায়ে। তার মতে, এলাকা, পাড়া-মহল্লা এবং জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে নাগরিক সেবা ও স্থানীয় সমস্যা নিয়ে আয়োজিত প্রথম উন্মুক্ত টাউন হল সভায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সত্যিকারের গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে ঢাকা-১৩ এলাকায় প্রতি মাসে এ ধরনের টাউন হল সভা আয়োজন করা হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ আরও বলেন, নির্বাচনের আগে তিনি নিয়মিত উন্মুক্ত সভার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রমজান মাসে তা সম্ভব না হলেও এখন থেকে প্রতি মাসেই এই আয়োজন অব্যাহত থাকবে।

তিনি মনে করেন, জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে এলাকাকে একটি মডেল এলাকায় পরিণত করা সম্ভব।

অনুষ্ঠানে ঢাকা-১৩ আসনের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। পাশাপাশি উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *