চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার খাঁপাড়ায় গরু চুরির ঘটনায় ডাকা শালিশ বৈঠকে মোবাইল ভাঙাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত সাজু শেখ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাজু শেখ চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেদারগঞ্জ ধোপাগর্তপাড়ার মৃত বাদল শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে।
ঘটনাপ্রবাহ
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গরু চুরির অভিযোগে স্থানীয়ভাবে একটি শালিশ বৈঠক বসে। বৈঠকে চুয়াডাঙ্গার ভিমরুল্লাপাড়ার মৃত রজব আলীর ছেলে জাহিন, কেদারগঞ্জপাড়ার বাদল শেখের ছেলে সাজুসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪টার দিকে খাঁপাড়ায় বাবলুর ছেলে সাজু ও রাজুর বাড়িতে বৈঠক চলাকালে গরু চুরির বিষয়টি মীমাংসার সময় সাজু শেখ ভিডিও ধারণ করছিলেন। এ সময় জাহিন তার মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে দেন।
মোবাইল ভাঙাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে সাজুকে রড, শাবল ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় প্রতিপক্ষরা।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আইনগত ব্যবস্থা
ওসি মেজবাহ উদ্দিন বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে নিহতের পরিবার ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।