‘আগে যেভাবে কাজ করেছি এখনও তাই, আমরা নির্বাচিত বোর্ড’

দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল হক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সর্বশেষ নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল বলে মন্তব্য করেন। দায়িত্ব গ্রহণের আগেও বিষয়টি নিয়ে সরব ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।

এ প্রসঙ্গে বিসিবির ফিন্যান্স কমিটির প্রধান এম নাজমুল ইসলাম আহ্বান জানিয়েছেন, আমিনুল যেন প্রতিমন্ত্রী হওয়ার আগে ও পরের অবস্থান একসঙ্গে না মেলান।

নাজমুল গণমাধ্যমকে বলেন, “আমার মনে হয় উনি (আমিনুল) আগে যা বলেছেন, এখন হয়তো একইভাবে বলছেন না। সরকারে থাকার আগে ও পরের কথায় ভিন্নতা থাকে। আগে হয়তো যেভাবে বলেছেন, এখন সেভাবে বলছেন না। এ বিষয়ে আমার বলার কিছু নেই। দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কথা বললে ভালো হয়।”

বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “আগে যেভাবে কাজ করছিলাম, এখনও সেভাবেই কাজ করছি। আমরা একটি নির্বাচিত বোর্ড, যে সরকার এসেছে সেটাও নির্বাচিত। সবাই নিজ নিজ নিয়ম অনুযায়ী চলে। আমরাও আমাদের নিয়ম অনুযায়ী চলব। সরকার বিবেচনা করবে কীভাবে কী চলবে।”

বিসিবি নির্বাচন নিয়ে আদালতে চলমান মামলার বিষয়ে তিনি বলেন, “যারা বলছে তারা বলছে। তাদের কথা তো আটকে রাখতে পারব না। মামলা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কোর্টের বিষয় সাবজুডিস (বিচারাধীন), এ ব্যাপারে কথা বলতে রাজি নই।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *