যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব এখনো পর্যালোচনা করছে ইরান। এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, দুই পক্ষের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত স্মারকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয় রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, প্রস্তাবটি পর্যালোচনা শেষে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে মতামত জানানো হবে।
অন্যদিকে ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য ইব্রাহিম রেজাই এই প্রস্তাবকে ‘ইচ্ছার তালিকা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, আলোচনায় তার চেয়ে বেশি কিছু পাবে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে আবারও ব্যাপক হামলা শুরু হতে পারে।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলছে।