রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিকভাবে দখলকারীদের সতর্ক করা হলেও পুনরায় দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযান শেষে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল এ তথ্য জানান।
তিনি বলেন, ফুটপাতের ব্যবসার সঙ্গে অনেকের জীবিকা জড়িত—এ বিষয়টি বিবেচনায় রেখেই প্রথম ধাপে ব্যবসায়ীদের সরতে অনুরোধ করা হয়েছে। তবে ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. আল ফয়সাল আরও বলেন, আজকের অভিযানে ফুটপাতের অবৈধ দখল ও দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়েছে। নিয়মিত তদারকির মাধ্যমে এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি সতর্ক করে বলেন, দ্বিতীয়বার কেউ ফুটপাতে বসলে জরিমানা, মালামাল জব্দসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।