রেল ও লঞ্চ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: সেতুমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হলেও রেল ও নৌপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আপাতত শুধু বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

তিনি আরও জানান, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাস এ সিদ্ধান্তের আওতায় আসবে না। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তবে রেল ও নৌ পরিবহনের ক্ষেত্রে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট করেন মন্ত্রী।

বর্তমানে দূরপাল্লার বাসের সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪২ পয়সা রয়েছে, যা নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃদ্ধি পেয়েছে।

এদিকে পরিবহন মালিকরা বলছেন, ডিজেলসহ জ্বালানির দাম বৃদ্ধি এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই ভাড়া সমন্বয়কে তারা সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর রয়েছে।

অন্যদিকে গ্যাস স্বল্পচাপ

এদিকে রাজধানীর আশকোনা এলাকায় পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস

সংস্থাটি জানায়, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় এই স্বল্পচাপ বিরাজ করবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *