দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই খাদিজা হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালের ৮ জুন তাদের বিয়ে হয়।
হাসপাতালে ভর্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে খাদিজা তার ওপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতন ও অন্যায়ের অভিযোগ তুলে ধরেন। তিনি লেখেন, বিয়ের কয়েক মাস পর থেকেই নানা ধরনের জুলুম সহ্য করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন এবং শান্তিতে ঘুমাতে চান।
ওই পোস্টে স্বামী শিবলী সাদিকসহ কয়েকজনকে তার বর্তমান অবস্থার জন্য দায়ী করেন তিনি। একইসঙ্গে মেয়ের উদ্দেশ্যে দোয়া এবং মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনাও করেন।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শিবলী সাদিক এর আগে কণ্ঠশিল্পী সালমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৯ সালে খাদিজা মল্লিক সীমুকে বিয়ে করেন তিনি।