ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী। আবেদনটি নির্বাচন কমিশনে শনিবার দাখিল করা হয়।
পাটোয়ারীর আবেদনে ১২টি ভোটকেন্দ্রে সংঘটিত অনিয়মের বিস্তারিত তুলে ধরা হয়েছে। তিনি দাবি করেছেন, এসব অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফল প্রভাবিত করা হয়েছে।
আবেদনে তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করাসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।
তিনি আরও অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তারাও অনিয়মে জড়িয়ে পড়েছেন। এসব কারচুপি ও অনিয়মের কারণে প্রকৃত বিজয়ী হিসেবে নিজেকে ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন নাসীরুদ্দিন পাটোয়ারী।