ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন জানিয়েছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসার কোনো পরিকল্পনা করছেন না। একই সঙ্গে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে রাজনীতিবিদ হিসেবে দেখেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন মাশরাফি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জনসম্মুখে নেই সাবেক এই সংসদ সদস্য। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের পর সাকিব আল হাসানের নামে একাধিক মামলা হয়। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ইশরাক বলেন, সাকিব ও মাশরাফিকে তিনি ক্রিকেটার হিসেবেই বিবেচনা করেন। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলাকে বিশ্বাসযোগ্য বলে মনে করেন না তিনি। তার ভাষ্য, তারা দেশের সম্পদ এবং ব্যক্তিগতভাবে তিনি মনে করেন না যে তারা সরাসরি কোনো সহিংস ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন ইশরাক। তিনি অভিযোগ করেন, কাউন্সিলর নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের ভূমিকা পক্ষপাতদুষ্ট ও দুর্নীতিপূর্ণ। তার দাবি, এভাবে নির্দিষ্ট একটি সিন্ডিকেটকে বোর্ডে বসানোর চেষ্টা হয়েছে।
তবে নিজে বোর্ডে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে ইশরাক বলেন, তিনি পূর্ণকালীন রাজনীতিতেই মনোযোগ দিতে চান। তার মতে, যারা পূর্ণকালীন ক্রীড়া সংগঠক, তাদেরই বোর্ডে আসা উচিত; রাজনীতিকরা বাইরে থেকে সহযোগিতা করতে পারেন।