শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
শুভেন্দুর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী হিসেবেও শপথ নেন। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।
গত ৪ মে ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলে ২০৭টি আসন পেয়ে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। এরপর থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আলোচনায় ছিল। শুক্রবার বিজেপির বিধায়কদলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়।
শপথ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।