স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনেই উপস্থাপন করা হবে। সংসদের বিধি অনুযায়ী এসব অধ্যাদেশের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের আমলে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি হয়েছে। এর মধ্যে কয়েকটি অধ্যাদেশ স্পর্শকাতর বিষয় সংশ্লিষ্ট। সংসদের প্রথম দিনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করা হবে এবং সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, সংসদ চাইলে কোনো কোনো অধ্যাদেশ হুবহু গ্রহণ করতে পারে, আবার কিছু অধ্যাদেশ সংশোধনীসহ গ্রহণ করা হতে পারে। একইভাবে কিছু অধ্যাদেশ সংসদে অনুমোদন না পেলে সেগুলো বাতিল বা তামাদি হয়ে যাবে।
মন্ত্রী জানান, এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি ও পর্যালোচনার কাজ করছে। সংসদ অধিবেশন শুরু হলে এসব অধ্যাদেশের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে অধ্যাদেশগুলো পর্যালোচনা ও অনুমোদনের মধ্য দিয়ে আইনগত কাঠামো আরও সুসংহত করা হবে।