জ্বালানি সংকট নিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে ‘সাওদা সুমি’ নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিষয়টিকে ‘ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস’ আখ্যা দিয়ে দ্রুত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ নিয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রফিকুল ইসলাম খান বলেন, ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করার কারণে সাওদা সুমি নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ‘উপরের নির্দেশে’ গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন— এই ‘উপরের নির্দেশ’ বলতে কাকে বোঝানো হয়েছে। স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অফিস সময়ের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের গ্রেপ্তার গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
এ বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গৃহীত হয়নি। তবে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে বিষয়টি উত্থাপিত হওয়ায় তিনি তা অবগত আছেন এবং সমাধানের চেষ্টা করা হয়েছে।
স্পিকার আরও বলেন, সংসদে বসে রাজপথের মতো আল্টিমেটাম দেওয়া সমীচীন নয়। প্রয়োজনে বিষয়টি প্রস্তাব আকারে উপস্থাপন করা যেতে পারে। তিনি উল্লেখ করেন, ফেসবুকে প্রতিদিনই বিভিন্ন মন্তব্য করা হয়; সবকিছু আমলে নিলে সংসদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।
তবুও বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ থাকবে বলে জানান স্পিকার।