বুধবার (০৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কয়েকজন প্রতিমন্ত্রীর দায়িত্ব সংকুচিত করে নির্দিষ্ট মন্ত্রণালয়ে সীমাবদ্ধ রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এখন শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে দেওয়া হয়েছে শুধুমাত্র মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদ এখন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের আরেক প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হক এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এছাড়া শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের এ পুনর্বণ্টনের মাধ্যমে প্রতিমন্ত্রীদের কাজের ক্ষেত্র নির্দিষ্ট করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।