র‌্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ দায়িত্ব গ্রহণ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি র‌্যাব ফোর্সেসের নেতৃত্বে কাজ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

মোঃ আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের পর দীর্ঘ কর্মজীবনে তিনি ৪ এপিবিএন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ছাড়াও রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন।

এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পদোন্নতির পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক পরিসরেও রয়েছে তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি “বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)” অর্জন করেন।

শিক্ষাজীবনে তিনি বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে র‌্যাবের কার্যক্রমে আরও গতি ও পেশাদারিত্ব আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *