শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে।
বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন-এর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করতে হবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। “আমরা এখানে শুধু কাজ করতে এসেছি, অন্য কোনো ভিশন নেই,”—যোগ করেন তিনি।
সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশগামী কর্মীদের প্রি-ডিপারচার অরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে না হওয়ায় তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তিনি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও সক্রিয় করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।