ভারতের চেন্নাইয়ে অবতরণের পর পুরোপুরি থামার আগেই একটি বিমান থেকে এক যাত্রীর লাফ দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। অবতরণের পর মূল রানওয়ে থেকে ট্যাক্সিওয়ে দিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল এটি। এ সময় হঠাৎ এক যাত্রী জরুরি বহির্গমন দরজা খুলে নিচে লাফ দেন, এতে অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিমানটি তখনো চলমান ছিল। এমন অবস্থায় দরজা খুলে লাফ দেওয়ার ঘটনা ঘটলেও এতে কোনো প্রাণহানি বা বিমানের ক্ষতি হয়নি।
অন্য একটি সূত্র জানায়, যাত্রীটি ভ্রমণের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং বিমানের ভেতরে দুইবার বমি করেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তিনি এমন আচরণ করেন।
ঘটনার পরপরই পাইলট বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। পরে ভারতীয় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই যাত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা চেন্নাই বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ রাখা হয়।
সূত্র: এনডিটিভি