প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তিনি বলেন, সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। এখন থেকে সকল মানুষ তাদের প্রয়োজন অনুসারে চিকিৎসা সেবা পাবেন, আর্থিক অবস্থার উপর নির্ভর করবে না।
ডা. জুবাইদা রহমান বলেন, এমন স্বাস্থ্যসেবা গড়ে তোলা হবে যাতে কোনো ব্যক্তি চিকিৎসা নিতে গিয়ে সর্বস্বান্ত না হন। মানসম্মত চিকিৎসাসেবা দেশের প্রতিটি মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে।
আজ শনিবার জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূলভিত্তি হিসেবে গড়ে তোলা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা হবে এবং মা ও শিশুদের স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে উন্নয়ন করা হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা হবে এবং মেডিকেল শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনাও নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলা-উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যথাসময়ে অফিসে আসবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিতি ও দালাল প্রথা দূর করতে পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি।
সভা পরিচালনা ও তত্ত্বাবধান করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। অনুষ্ঠানে বিএনপি ও পেশাজীবী নেতৃবৃন্দ, সিনিয়র চিকিৎসকসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুস্থ শিশু, জুলাই গণঅভ্যুানে আহত জুলাই যোদ্ধা এবং গত ১৭ বছরে গুম ও খুনের শিকারদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।