ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই এবং একটি শোপিস উপহার দেন।
এদিকে ভারতীয় হাই কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
বার্তায় আরও বলা হয়, পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত।
তবে সাক্ষাতে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।