রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদের নেতিবাচক চর্চা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি—এমন মন্তব্য করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভবিষ্যতের সংসদ অধিবেশন দেখে দেশবাসী আশ্বস্ত হবে এবং তারা বলবে—এমন সংসদই তারা দেখতে চেয়েছিল।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশান-এ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান, রুলস অব প্রসিডিউর, সংসদের কাস্টমস ও কনভেনশন—এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা সম্পর্কেও তাদের ধারণা দেওয়া হয়েছে। আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটাই আশ্বস্ত হবে।”
তিনি আরও বলেন, অতীতে সংসদে যে নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছিল, তা মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করবে বিএনপি।
নতুন সংসদ সদস্যদের বিষয়ে তিনি বলেন, “যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন এবং ভালোভাবে শিখবেন। তাদের ভেতরে যদি কোনো খারাপ সংস্কৃতি না থাকে, তাহলে তারা ভালো শিক্ষাই গ্রহণ করবেন। একটি শিশু জন্মের পর যেমন নতুন সংস্কৃতি শিখে, ঠিক তেমনি নবীন সংসদ সদস্যদেরও ইতিবাচকভাবে প্রস্তুত করার চেষ্টা করছি।”
জনপ্রত্যাশা পূরণে নতুন সংসদ সদস্যদের সক্ষম করে তুলতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।