স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদ-এ যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। এ সময় ভাষা শহীদদের স্মরণে দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরবর্তীতে দূতাবাসের অডিটোরিয়ামে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পৃথক বাণী পাঠ করা হয়।

আলোচনা অনুষ্ঠানে স্পেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি ও ভ্যালিয়েন্তে বাংলা-র প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলে এলাহি বক্তব্য দেন। পরে রাষ্ট্রদূত মাসুদুর রহমান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *