আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রধানকে ঘিরে বিতর্ক, ধর্মঘটে যাচ্ছে ক্লাবগুলো

আর্জেন্টিনার পেশাদার ফুটবল ক্লাবগুলো ৫-৮ মার্চ পর্যন্ত ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া বিচারিক হয়রানির শিকার হচ্ছেন—এমন অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামাজিক নিরাপত্তা অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে তাপিয়াকে ৫ মার্চ আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে নির্দেশ দিয়েছেন বিচারক ডিয়েগো আমারান্তে। এর পরদিনই ধর্মঘটের ঘোষণা আসে।

সরকারের কাস্টমস রেভিনিউ অ্যান্ড কন্ট্রোল এজেন্সি (এআরসিএ)-র দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাপিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এআরসিএ’র অভিযোগের প্রতিবাদে পেশাদার লিগের নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে ৫-৮ মার্চ পর্যন্ত প্রথম বিভাগসহ অন্যান্য লিগের সব ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয়।

গত শুক্রবার বিচারক আমারান্তে তাপিয়ার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি মার্চের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য আরও চারজনকে হাজিরা দিতে বলা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে সামাজিক নিরাপত্তা অনুদানের ১৯ বিলিয়ন পেসো পরিশোধ না করার অভিযোগে এই তদন্ত চলছে।

তবে ধর্মঘটের ঘোষণার কিছুক্ষণ আগে বিচারক আমারান্তে তাপিয়াকে দাপ্তরিক কাজের জন্য ২৩-২৮ ফেব্রুয়ারি কলম্বিয়াব্রাজিল সফরের অনুমতি দেন। মঙ্গলবার বারাঙ্কুইলা-তে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি। এছাড়া বৃহস্পতিবার রিও ডি জেনিরো-তে কনমেবল-এর দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংস্থাটির পরিষদ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাপিয়ার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *