রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের লোকোসেড এলাকায় গাঁজা সেবনের সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. রাসেল উপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার মো. ইমরান শেখ, মো. বোরহান মিয়া ও মেহেদী হাসান; পাবনা জেলার সুজানগর এলাকার মো. আমিরুল ইসলাম, মো. মাসুদ মোল্লা ও মো. মিরাজ সরদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, বিক্রয় ও পরিবহনসহ সব ধরনের অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।