মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিশ্বজুড়ে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। এর প্রভাবে বাংলাদেশেও দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ নয়, খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়ছে।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। কিছু দেশে এর প্রভাব ইতোমধ্যে স্পষ্ট হলেও বাংলাদেশে এখনো বড় ধরনের মূল্যবৃদ্ধি করা হয়নি। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশেও তার প্রভাব পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
সরকার জনগণের ওপর চাপ কম রাখতে চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সরকার কাজ করছে। সব প্রস্তুতি শেষ হলে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে।