দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায় নেমে এসেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৫৮ হাজার টাকা।
সংগঠনটি জানিয়েছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দরে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা।
অপরদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম নিম্নমুখী। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৫ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৯৩৫ ডলার, যা আগের দিন ছিল ৪ হাজার ৯৫৮ ডলার। গত ৩০ জানুয়ারি তা ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
উল্লেখ্য, গত মাসের শেষদিকে বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিকভাবে বাড়ায় দেশের বাজারেও রেকর্ড বৃদ্ধি পায়। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করে বাজুস, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।