ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী বাউল আবুল সরকার-কে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ঘিওর থানায় মামলা দায়ের করেন।

পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর গত ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আরও একটি মামলা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে গাওয়া গানে আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেন আবুল সরকার, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

উল্লেখ্য, দণ্ডবিধি ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫ (ক) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *