রাজধানীর গেন্ডারিয়ায় মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে ইমরান নাবিল প্রামাণিক নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়–এর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ইমরান নাবিলের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধুমাইটারি গ্রামে। তিনি শফিকুল ইসলাম প্রামাণিকের ছেলে। বর্তমানে গেন্ডারিয়া থানার রজনী চৌধুরী রোডের ২৯/গ নম্বর বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গেন্ডারিয়ার ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গেন্ডারিয়া থানার পরিদর্শক নাজমুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *