রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে জানা গেছে, উদ্ধার হওয়া দেহাংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।
পুলিশ জানায়, শুক্রবার রাত প্রায় ২টার দিকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকা থেকে দুটি কাটা হাত পাওয়া যায়।
পল্টন থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়। এতে জানা যায়, দেহাংশগুলো নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহর।
পুলিশ জানায়, উদ্ধার করা দেহের অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাকি দেহাংশ উদ্ধারে অভিযান চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।