বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (৬ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা-পুলিশ নোবেলকে গ্রেফতার করে। একইদিনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের প্রলোভন দেন নোবেল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরে টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়।
২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি দায়ের হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি দাখিল করা প্রতিবেদনে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানার আরেক মামলায় গ্রেফতার হন নোবেল। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিনে মুক্তি পান।