অমর একুশে বইমেলা পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভা সূত্রে জানা যায়, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব প্রকাশক এখনও স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। পরে সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে তাদের স্টল বরাদ্দ দেওয়া হবে।
আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা। এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।