বিশ্ববাজারে আবারও বাড়লো অপরিশোধিত তেলের দাম। হরমুজ প্রণালি-এ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাবে এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
শুক্রবার (৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, মার্কিন ও ইরানি বাহিনীর সংঘর্ষের পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌযান হামলা তারা প্রতিহত করেছে। একই সময়ে মার্কিন নৌবাহিনীও পাল্টা প্রতিরক্ষা অভিযান চালায়।
বাজারে প্রভাব পড়ায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি বেড়ে ১০১ দশমিক ৬০ ডলারে পৌঁছায়, আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও বেড়ে ৯৫ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে এবং কূটনৈতিক আলোচনা চলছে। তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এবং সমঝোতা না হলে পরিস্থিতি আরও কঠিন হবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে তেলের দামে আরও ওঠানামা হতে পারে।