সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদ বলতে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। তিনি আরও জানিয়েছেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কিন্তু কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করেননি।

রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যেই আদালতে চ্যালেঞ্জ দায়ের হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি বর্তমানে বিচার বিভাগের বিবেচনার মধ্যে রয়েছে।

তিনি জানান, সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংসদে আলোচনা শেষে সংশোধনী কার্যকর হলে তবেই এই ধরনের পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয় বিবেচনা করা যেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে বলেন, মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকারের দলগত প্রাথমিক সদস্যপদ এখনও বহাল রয়েছে এবং তারা দল ত্যাগ করেননি। তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখানে প্রযোজ্য নয়। এই অনুচ্ছেদ তখনই প্রযোজ্য হবে, যখন কেউ দল ত্যাগ করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *