যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে ১০ দফা শর্ত দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে এসব শর্ত ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।
ইরানের প্রস্তাবিত শর্তগুলো হলো—
ক) উভয়পক্ষকে আগ্রাসন-বিরোধী নীতি অনুসরণ করতে হবে এবং ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নিতে হবে।
খ) হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রাখতে হবে এবং বিদেশি জাহাজগুলোকে তাদের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।
গ) লেবাননের হিজবুল্লাহসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে হবে।
ঘ) মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করে সেনা প্রত্যাহার করতে হবে।
ঙ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তাব বাতিল করতে হবে।
চ) হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নিরাপদ ট্রানজিট প্রোটোকল গঠন করতে হবে।
ছ) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।
জ) ইরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
ঝ) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরদের প্রস্তাব বাতিল করতে হবে।
ঞ) বিদেশে থাকা ইরানের সব সম্পদ ও সম্পত্তির ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে।
ইরান জানিয়েছে, এসব শর্তের মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরান ও তাদের মিত্রদের ওপর হামলা বন্ধ এবং ফ্রোজেন সম্পদ অবমুক্ত করার বিষয়ে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, এসব শর্ত গৃহীত হলে তা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বাস্তবায়িত হবে এবং দেশটির জন্য একটি বড় কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হবে।