থালাপতি বিজয়-এর আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনো মনে করছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজয়ের দল টিভিকে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে বিজয়ের দলকে আরও এক-দুই দিন সময় লাগতে পারে। ইতোমধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টিভিকেকে সমর্থনের আশ্বাস দিয়েছে। এছাড়া আরও কয়েকটি দল ও নির্দলীয় সদস্য সমর্থন দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, গভর্নর তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়েছেন এবং পরবর্তী সরকার গঠনের বিষয়ে বিজয়ের সঙ্গে বৈঠক করেছেন। টিভিকে-র সাধারণ সম্পাদক আধব অর্জুনও আইনি টিম নিয়ে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন।
নির্বাচনে টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। কংগ্রেসের সমর্থনসহ তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩-তে। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনও আরও কয়েকটি আসনের সমর্থন প্রয়োজন।