মোঃ শাহাজালাল ভূঁইয়া উজ্জ্বল : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, ডিএসসিসির নিজস্ব অর্থায়নে লেন ও বাই-লেনসহ পাইপ নর্দমা নির্মাণ করা হবে। প্রায় ১.১ কিলোমিটার রাস্তা উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩.৬৭ কোটি টাকা।
প্রশাসকের বক্তব্য
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ডিএসসিসি প্রশাসক বলেন, “বর্তমান সরকার কাজে বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন।
তিনি আরও জানান, স্থানীয় নাগরিক সমস্যা সমাধান এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে। ফুটপাত ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন,
আগে অনিয়ন্ত্রিত হকারদের কারণে জনভোগান্তি হতো। এখন থেকে নির্ধারিত স্থান ও নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত সংখ্যক হকার বসতে পারবেন। পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখাই আমাদের লক্ষ্য।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, নতুন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, ডিএসসিসি তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তা পূরণ করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি নতুন সংযুক্ত এলাকাগুলোকে উন্নয়ন কার্যক্রমে অগ্রাধিকার দেওয়ায় ডিএসসিসি প্রশাসককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।