এবার হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর ৭ দিনের রিমান্ড আবেদন

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে পল্টন মডেল থানায় দায়ের করা সিন্ডিকেটের মাধ্যমে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় তাকে তিন দফায় মোট ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০ থেকে ৭০০ নেতাকর্মী। অভিযোগে বলা হয়, শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনার প্রায় এক বছর পর, ২০২৫ সালের জুলাইয়ে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৪ মার্চ পল্টন মডেল থানার মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। এরপর ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিন এবং সর্বশেষ ৪ এপ্রিল তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *