সামাজিক যোগাযোগমাধ্যমে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য ছড়িয়ে অপপ্রচার: ডিএমপি

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ডিএমপি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি স্কুল কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, একই কেন্দ্রে ২০১৮ সালে ভোট দিতে এসে শুনেছিলেন—তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। অতীতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার সেই আক্ষেপের বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের উদ্দেশ্যমূলক অপপ্রচারে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে ডিএমপি। পাশাপাশি জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *