শ্যুটিং চলাকালে পানিতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, ঠিক তখনই সামনে এসেছে বলিউড অভিনেত্রী লারা দত্তের এক পুরোনো ভয়াবহ অভিজ্ঞতা। সহঅভিনেতা অক্ষয় কুমারের তৎপরতায় সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আন্দাজ’ ছবির শ্যুটিং চলাকালে ঘটনাটি ঘটে। ছবির একটি নাচের দৃশ্য ধারণ করা হচ্ছিল সমুদ্রের মধ্যে। হঠাৎ শক্তিশালী ঢেউ এসে আছড়ে পড়লে পানির নিচে তলিয়ে যান লারা দত্ত।
পরবর্তীতে এ অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, সাঁতার না জানার কারণে তিনি দ্রুত ডুবে যাচ্ছিলেন। উপরন্তু ভারী পোশাক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এ সময় দ্রুত এগিয়ে আসেন অক্ষয় কুমার। তিনি পানিতে ঝাঁপ দিয়ে লারাকে উদ্ধার করেন। পরে সেটের অন্য সদস্যরাও সহায়তায় এগিয়ে আসেন।
তবে দীর্ঘ সময় ঠান্ডা পানিতে থাকার কারণে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন লারা। তাৎক্ষণিকভাবে শ্যুটিং বন্ধ করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনার পর গভীর পানি ও সমুদ্র নিয়ে তার মধ্যে ভয় তৈরি হয়। পরবর্তীতে ২০০৯ সালে পানির নিচে শ্যুটিং নির্ভর ‘ব্লু’ ছবির প্রস্তাব পেলে শুরুতে দ্বিধায় পড়েন তিনি। তবে অক্ষয় কুমারের পরামর্শে ভয় কাটিয়ে ওঠার সিদ্ধান্ত নেন।
৩০ বছর বয়সে তিনি সাঁতার ও ডাইভিং শেখা শুরু করেন এবং ধীরে ধীরে পানির সঙ্গে নিজেকে মানিয়ে নেন। পরে ‘ব্লু’ ছবিতে অভিনয় করেন, যেখানে খোলা সমুদ্রে ঝুঁকিপূর্ণ শ্যুটিং করতে হয়।
যদিও ছবিটি বাণিজ্যিকভাবে বড় সাফল্য পায়নি, তবুও ব্যক্তিগত জীবনে ভয় জয় করার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে এটি দেখেন লারা দত্ত।