সিমাগো তালিকায় বাংলাদেশের প্রথম স্থান অর্জন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ জানান, “এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। দায়িত্ব গ্রহণের পরপরই র‌্যাঙ্কিং সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যাতে গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক মানোন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া যায়।” তিনি আরও বলেন, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হয়েছে এবং শিক্ষক-সংকট নিরসনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান বলেন, “আমরা সকলেই মিলে চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়টিকে একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে। এই অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

কমিটির সেক্রেটারি ও প্রাইমারি রিসার্চ কনট্যাক্ট অধ্যাপক ড. জিয়াউর রহমান বলেন, “কারিকুলামের আধুনিকায়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন এবং দক্ষ শিক্ষকসংখ্যা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো অবস্থান অর্জনের লক্ষ্য রয়েছে। বিশ্বসেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেতে পৃথক তিনটি টিম কাজ করছে।”

সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-এ চলতি বছরের তালিকায় বিশ্বের ১০,৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশ থেকে তালিকাভুক্ত হয়েছে ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। সূচক ও মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, গবেষণা (৫০%), উদ্ভাবন (৩০%) এবং সামাজিক প্রভাব (২০%)—এই তিনটি সূচকের ভিত্তিতে সার্বিক র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

মাভাবিপ্রবি সিমাগো র‌্যাঙ্কিংয়ে উদ্ভাবনে দেশে দ্বিতীয়, গবেষণায় সপ্তম এবং সামাজিক প্রভাবে চতুর্দশ অবস্থানে রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *