যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবে ইরানের পাঠানো প্রতিক্রিয়াকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমার এটা পছন্দ হয়নি— এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
গত সপ্তাহে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি নতুন সমঝোতা প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবে যুদ্ধের আনুষ্ঠানিক অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ৩০ দিনের আলোচনার কথা উল্লেখ ছিল।
রোববার পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে লিখিত জবাব পাঠায় তেহরান। এরপরই ট্রাম্প এ প্রতিক্রিয়া জানান।
জানা গেছে, মার্কিন প্রশাসন তাদের প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিল। তবে ইরান তার জবাবে এ বিষয়টি এড়িয়ে গিয়ে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং নিজেদের সার্বভৌম অধিকারকে গুরুত্ব দিয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম রয়েছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল, এই মজুত হয় ধ্বংস করতে হবে, নয়তো ওয়াশিংটনের কাছে হস্তান্তর করতে হবে।
তবে ইরান প্রস্তাব দিয়েছে, ইউরেনিয়ামের একটি অংশের বিশুদ্ধতা কমিয়ে দেশেই সংরক্ষণ করা হবে এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তর করা হবে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, “ইরান কখনও শত্রুর কাছে মাথা নত করবে না এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে।”
সূত্র: রয়টার্স।