ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে একটি বিশেষ গোষ্ঠী ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করেও জয়ী হতে পারেনি। তবে তিনি কারচুপির এই চেষ্টা এক ‘অশুভ লক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, “নির্বাচনে অসংখ্য ব্যালট অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। একটি গোষ্ঠী সুকৌশলে জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু জনজোয়ারের কাছে সেই ইঞ্জিনিয়ারিং শেষ পর্যন্ত টেকেনি।”
তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন: “এদের তো কোনো জনভিত্তি বা ভোট নেই, তাহলে তারা এত ভোট পেল কী করে? এটিই প্রমাণ করে পর্দার আড়ালে কী ধরনের কারসাজি হয়েছে।”
পুনরায় ভোট গণনার সম্ভাবনা সম্পর্কে তিনি উল্লেখ করেন, “ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। তবে পুনরায় ভোট গণনা বা এ-সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের।”
মির্জা আব্বাস নেতাকর্মীদের ধৈর্যধারণ ও দেশের পুনর্গঠনের আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।