জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত হওয়া গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। তবে তিনি জীবিত আছেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, আগের তুলনায় বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী দুই-একদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারেন।
বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে রুবেল খন্দকার। রোববার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একে ‘নোংরা গুজব’ আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে কিছু অসাধু ব্যক্তি মিথ্যা সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানান তিনি।
এ ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রুবেল খন্দকার।
নব্বইয়ের দশকে ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে কৌতুকাভিনয়ের মাধ্যমে পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন অনিয়মিত থাকলেও তার অভিনয় ও সংলাপ এখনো দর্শকদের স্মৃতিতে রয়েছে।