নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জে এম জাহিদ হোসেন আজ এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, সরকার প্রাথমিকভাবে চার মাসের জন্য কর্মসূচিটির পাইলট পর্ব চালু করতে যাচ্ছে। প্রথম ধাপে দেশের ১৪টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাইলট পর্যায়ে অন্তত পাঁচ সদস্যবিশিষ্ট ৬ হাজার ৫০০ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি জানান, নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে নগদ সহায়তা পাবে। পর্যায়ক্রমে কর্মসূচিটি সারা দেশে সম্প্রসারণ করে দুই কোটি পরিবারকে মাসিক নগদ সহায়তার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।
মন্ত্রী আরও বলেন, কর্মসূচিটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে মাসিক ব্যয় হবে প্রায় ৫ হাজার কোটি টাকা এবং বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় ৬০ হাজার কোটি টাকা।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ উদ্যোগ নিম্নআয়ের পরিবারের আর্থিক সুরক্ষা জোরদার ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও গতিশীল করবে।